সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য ওমানের মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। পরে বিমানবন্দরের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় তাঁকে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য ফ্লাইটটি মাসকাট বিমানবন্দরে অবতরণ করানো হয়।
মাসকাট বিমানবন্দরে নামার পর ওই নারী যাত্রীকে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে মৃত্যুবরণ করা ছানোয়ারা বেগমের বাড়ি চট্টগ্রামে বলে জেনেছি। বিস্তারিত ঠিকানা এখনো পাইনি।
তিনি আরও বলেন, মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে অন্য যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ইতোমধ্যে মাসকাট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বিকেলে ফ্লাইটটির চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
মরদেহ দেশে আনার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
