শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাচারের পথে ব্যাগবন্দি দুই লজ্জাবতী বানর, এবার ফিরল লাউয়াছড়ার আপন ঠিকানায়

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

লজ্জাবতী বানর দুটি লাউয়াছড়ায় অবমুক্ত। ছবি: সংগৃহীত

পাচারের জন্য বাজারের ব্যাগে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানরকে। শেষ পর্যন্ত বন বিভাগের অভিযানে উদ্ধার হয়ে নিরাপদ আশ্রয় মিলেছে তাদের নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে বানর দুটিকে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে বনের প্রাকৃতিক পরিবেশে তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে গত ২১ আগস্ট ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় একটি ব্যাগের ভেতর বন্দি অবস্থায় দুটি লজ্জাবতী বানর উদ্ধার করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তবে অভিযান পরিচালনার বিষয়টি আঁচ করতে পেরে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় প্রজাতিটিকে ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক জানান, ভারতীয় একটি ব্যাগের ভেতর বন্দি অবস্থায় বানর দুটি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে বানর দুটিকে পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। প্রথমে ময়মনসিংহ শহরে নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে হালুয়াঘাট থেকে শেরপুর হয়ে পাচারের খবর আসে।

এরপর হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। অভিযানেই উদ্ধার করা হয় অসহায় অবস্থায় ব্যাগবন্দি দুটি লজ্জাবতী বানর।

এবিষয় বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী ধরা, পাচার ও বেচাকেনা আইনত দণ্ডনীয় অপরাধ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা বানর দুটিকে নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান লজ্জাবতী বানরের প্রাকৃতিক আবাসস্থল হওয়ায় তাদের জন্য উপযুক্ত পরিবেশ বিবেচনা করেই সেখানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাচারের অন্ধকার পথ থেকে উদ্ধার হয়ে অবশেষে নিজেদের চেনা সবুজ অরণ্যে ফিরল দুই লজ্জাবতী বানর, বন বিভাগের এই উদ্যোগে যেন ফিরে পেল তারা হারানো স্বাধীনতার স্বাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।