রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদা না দেওয়ায় হুমকি-ভয়ভীতি, অফিসেই প্রাণ গেল ম্যানেজারের

ভূয়াপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদা দিতে শাহজাহান ভূঁইয়াকে হুমকি দেওয়া হচ্ছে। ছবি: সিসি ক্যামেরার ভিডিও থেকে নেওয়ায়।

৫ লাখ টাকা দাবির অভিযোগ; তিন বিএনপি কর্মীর বিরুদ্ধে মামলা, সিসিটিভিতে চাঁদা দাবির দৃশ্য।

টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় টানা কয়েকদিন প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনার পর ‘ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রিজ’-এর ম্যানেজার শাহজাহান ভূঁইয়া (নিহত) গুরুতর অসুস্থ হয়ে কারখানার ভেতরেই মারা গেছেন। স্বজন ও শ্রমিকদের দাবি, চরম মানসিক চাপের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর চিকিৎসাগত কারণ নির্ধারণে যথাযথ তদন্ত প্রয়োজন।

এ ঘটনায় ওয়ারেস, শামীম ও লিখন নামে তিনজনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। স্থানীয়ভাবে তারা বিএনপির কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

শ্রমিকদের অভিযোগ, গত ২২ আগস্ট অভিযুক্তরা কারখানায় গিয়ে ম্যানেজারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি ও নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। এমনকি অফিসে চেয়ার ছুড়ে মারারও অভিযোগ রয়েছে। পুরো ঘটনার কিছু অংশ কারখানার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে।

কারখানার শ্রমিকদের ভাষ্য, কখনো দলের কাজের কথা, আবার কখনো রাস্তা মেরামতের অজুহাতে টাকা দাবি করা হয়। টাকা না দিলে কারখানার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এতে ম্যানেজার শাহজাহান ভূঁইয়া চরম উদ্বেগ ও মানসিক চাপে পড়ে যান।

কারখানার হিসাবরক্ষক ইয়াসিন আরাফাত বলেন, কয়েকদিন ধরে ওয়ারেস সিকদারসহ কয়েকজন এসে ম্যানেজারকে ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করতেন। পরে মালিকের সঙ্গে কথা বলে কিছু টাকা দিতে সম্মত হওয়া হয়। ২৪ আগস্ট বিকেলে ওয়ারেস ফোন করে টাকা নিতে আসার কথা জানালে হঠাৎ ম্যানেজার গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কারখানাতেই মারা যান।

শ্রমিক লিয়াকত আলী বলেন, অভিযুক্তরা প্রায় আধা ঘণ্টা ম্যানেজারের কক্ষে অবস্থান করে হুমকি-ধমকি দেন। চাঁদা না দিলে পরিবারের ওপর হামলার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি তার। তিনি বলেন, কারখানাটিতে প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। এটি বন্ধ হয়ে গেলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে।

ফ্লোর ইনচার্জ আশরাফের অভিযোগ, তার কাছেও ওয়ারেস চাঁদা চেয়েছেন। তিনি বলেন, “ম্যানেজার খুব ভালো মানুষ ছিলেন। এখন বিএনপির নাম করে চাঁদা দাবি করা হচ্ছে।”

অভিযুক্তের বাবার দাবি ভিন্ন

অভিযুক্ত ওয়ারেসের বাবা আসলাম দাবি করেন, কারখানার সামনের রাস্তায় বালু থাকায় চলাচলে সমস্যা হচ্ছিল। এলাকার রাস্তা মেরামতের জন্য সবার কাছেই টাকা চাওয়া হয়েছিল। এ কারণেই ম্যানেজারের সঙ্গে কথা বলা হয়। তবে ৫ লাখ টাকা চাঁদা দাবির বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

এদিকে নিহত ম্যানেজারের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সংবাদমাধ্যমের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি। স্থানীয় কয়েকজনের দাবি, পরিবারকে গণমাধ্যমে কথা না বলার জন্য চাপ দেওয়া হয়েছে। তবে এ দাবির স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা আসিফ দাবি করেন, অভিযুক্ত ওয়ারেসসহ অন্যদের সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলুর নিয়মিত ওঠাবসা রয়েছে এবং পরিবারকে গণমাধ্যমে কথা বলতে নিষেধ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ঘটনাটি শুনেছি। তদন্তে সত্যতা মিললে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি কোনোভাবেই গ্রহণ করবে না।

ভূঞাপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন, শ্রমিকদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় চাঁদা দাবির প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া ও অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।