মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিল্মি কায়দায় বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

গাড়িতে হামলা-ভাঙচুর, আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি বর ও বরযাত্রীদের। ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে ফিল্মি কায়দায় বরের কাছ থেকে নববধূকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আতিকুর রহমান মিয়াদ নামের এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। এ সময় বরযাত্রীর মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নববধূকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও বরের স্বজনদের সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের জিলু মিয়ার ছেলে আখতার মিয়ার বিয়ে হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে বর, স্বজন ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে ছাত্রদল কর্মী মিয়াদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে।

একপর্যায়ে তারা মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর চালায়। পরে নববধূ তামান্নাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আতঙ্কগ্রস্ত বর ও বরযাত্রীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।

পূর্বপরিচয়ের গুঞ্জন

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মিয়াদের সঙ্গে তামান্নার পূর্বপরিচয় বা সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তামান্নার বাবা আবুল মিয়া জানান, একটি ছেলে আগে থেকেই তার মেয়েকে উত্ত্যক্ত করত—এটুকুই তারা জানতেন।

মীমাংসার চেষ্টা, পরে থানায় অভিযোগ

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে বরপক্ষের পক্ষ থেকে সোমবার সকালে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে মিয়াদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে নববধূকে নিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।