বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সম্পদবিবরণী না দিলে নতুন পে-স্কেল নয়: টিআইবি, সরকারি কর্মজীবী ও নির্ভরশীল পরিবারের আয়-সম্পদের হিসাব প্রকাশের বাধ্যবাধকতার দাবি

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নতুন জাতীয় বেতন-ভাতাকাঠামো বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব এবং সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছে টিআইবি। একই সঙ্গে সংস্থাটি বলেছে, জনগণের করের টাকায় বেতন-ভাতা বাড়ানোর কাঙ্ক্ষিত সুফল নিশ্চিত করতে হলে সরকারি কর্মজীবীদের সম্পদ ও আয়-ব্যয়ের হিসাব প্রকাশের কার্যকর ব্যবস্থা জরুরি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন। তবে নতুন বেতন-ভাতা কাঠামোর সুফল পেতে হলে যারা প্রতিবছর আয়-ব্যয় ও সম্পদবিবরণী হালনাগাদ করে প্রকাশ করবেন, কেবল তাদের জন্যই নতুন পে-স্কেল প্রযোজ্য হওয়া উচিত। যারা প্রকাশ করবেন না, তাদের জন্য নতুন পে-স্কেল প্রযোজ্য হওয়া অনুচিত।

তিনি বলেন, এ শর্ত বাস্তবায়িত হলে সরকারি খাতে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অনেক সরকারি কর্মজীবী অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের জন্য নতুন বেতনস্কেল ন্যায়সংগত ও অপরিহার্য। কিন্তু যারা ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ-সম্পদ অর্জনে লিপ্ত, তাদের ক্ষেত্রে কার্যকর জবাবদিহি ছাড়া ঢালাওভাবে নতুন বেতনস্কেল প্রয়োগ করলে সরকারি খাতে দুর্নীতি আরও বাড়তে পারে।

২০১৫ সালে বাস্তবায়িত অষ্টম পে-স্কেলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তখনও বেতন-ভাতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে ওঠার আশাবাদ ছিল। কিন্তু বাস্তবে সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের ব্যাপকতা ও গভীরতা বেড়েছে।

তার ভাষায়, সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে বৈশ্বিক চর্চায় পরীক্ষিত পদ্ধতি হিসেবে সম্পদবিবরণী প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করা না হলে, সরকারি খাতে দুর্নীতির দুষ্টচক্র থেকে জনগণের পরিত্রাণের উপায় নেই।

এদিকে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা বাড়ার সঙ্গে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছে টিআইবি। এতে স্বল্পআয়ের মানুষসহ সাধারণ জনগণের দুর্দশা আরও বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি মূল্যস্ফীতি মোকাবিলা এবং সম্পদবিবরণী প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করতে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত প্রত্যাশা করেছে টিআইবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।