সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য’ ছড়ানোর অভিযোগ; প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা। ফাইল ছবি
বাখেরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার এবং মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করার অভিযোগ উঠেছে তথাকথিত ইউটিউবার মোতালেবের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগের যথাযথ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা।
সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া এক প্রতিবাদ ও নিন্দা বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মোতালেব স্থানীয় সাংবাদিকদের নিয়ে আপত্তিকর, অসম্মানজনক ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছেন বলে তাঁদের নজরে এসেছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, এর আগেও তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনার নামে শালীনতার সীমা অতিক্রম করে বক্তব্য দিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের নিয়েও একই ধরনের মন্তব্য করায় বিষয়টি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন স্থানীয় সংবাদকর্মীরা।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং গঠনমূলক সমালোচনা একটি গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তবে সেই স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো ব্যক্তি বা পেশাজীবীর সম্মানহানি, চরিত্রহনন কিংবা যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাঁদের ভাষ্য, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি এলাকায় বিভ্রান্তি, উত্তেজনা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
এ ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্য, বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সাংবাদিকরা। একই সঙ্গে তাঁরা দাবি জানিয়েছেন, উত্থাপিত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে মোতালেবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সাংবাদিকদের পক্ষ থেকে আরও বলা হয়, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণসহ আইনসম্মত ও পেশাগত প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার কিংবা সম্মানহানির মাধ্যম হিসেবে ব্যবহার করা অনুচিত।
তাঁরা বাকেরগঞ্জের সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে মোতালেবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদে সংযুক্ত করা হবে।
