দ্রুতগতিতে আসা একটি ইউনিক বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। ছবি : সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে দ্রুতগতির বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ফালিলপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার আগে মহাসড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। সেটি সরিয়ে নিতে একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ইউনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসের চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফালিলপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কে থাকা কাভার্ডভ্যান, ইউনিক বাস ও লং ভেহিকেল—তিনটি যানবাহনই হেফাজতে নিয়েছে পুলিশ। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ফালিলপুর হাইওয়ে থানার এসআই আবু নোমান জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এক মুহূর্তের ধাক্কায় ঝরে গেল তিন প্রাণ। মহাসড়কে দাঁড়িয়ে থাকা যানবাহন ও দ্রুতগতির বাসের এই সংঘর্ষ আবারও তুলে দিল সড়ক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন।
