শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু,বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগম আর নেই

বগুড়া জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্ঘটনার শিকার গাড়ি। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নিজ এলাকা জয়পুরহাটে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রী। তাদের বহনকারী গাড়িটি শিবগঞ্জের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে এক নারী দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়।

এ সময় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আব্দুল বারী, তার স্ত্রী এবং সড়ক পার হতে যাওয়া নারী ফিরোজা বেগম আহত হন। দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে করে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন।

অন্যদিকে, গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরাও হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফিরোজা বেগমের মৃত্যুতে দুর্ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে পুলিশের তদন্ত ও পরিবারের সঙ্গে আলোচনার পর বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।