শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গে ‘সটকে’ গেল ১৭ মামলার আসামি ওয়াকিল

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত, ভাঙচুর সরকারি গাড়ি—স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ‘বগা’কে ধরতে রাতভর অভিযান। ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশীর ওয়্যারলেস এলাকায় ১৭ মামলার আসামি ও কথিত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে ‘বগা’কে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। তার সহযোগীদের হামলায় খুলশী থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ওসির সরকারি গাড়িও।

তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসার ভেতরে থাকা গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান ওয়াকিল হোসেন। পরে তার বাসায় অভিযান চালিয়ে ওই সুড়ঙ্গের সন্ধান পায় পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওয়াকিল হোসেনকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হলে তার সহযোগীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ করা হয়। হামলায় খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন।

এ সময় খুলশী থানার ওসির সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সরে যায়।

ঘরের ভেতরেই ‘গোপন পথ’, সেই পথেই পলাতক

পুলিশের অভিযান শেষে ওয়্যারলেস কলোনিতে ওয়াকিল হোসেনের বাসায় তল্লাশি চালানো হয়। সেখানে ঘরের ভেতর একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ।

পুলিশের দাবি, অভিযানের খবর আগেই পেয়ে ওই সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে যান ওয়াকিল। পরে মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, কলেজ শিক্ষককে মারধর ও নির্যাতনের মামলার আসামি ওয়াকিল হোসেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এসব কারণে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

তিনি বলেন, ‘পুলিশ ওয়্যারলেস এলাকায় যাওয়ার পরই ওয়াকিলের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। বাসায় পৌঁছানোর আগেই সে গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কলেজ শিক্ষক নির্যাতনের মামলায়ও আসামি

সর্বশেষ নগরের পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের মামলায় ওয়াকিল হোসেনকে ২ নম্বর আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গত দুই বছর ধরে খুলশী ও পাহাড়তলীর পাহাড়ি এলাকায় পাহাড় কাটা, জমি দখল-পাল্টা দখল, মাদক বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বারবার তার নাম এসেছে।

ওয়াকিল হোসেন স্থানীয় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ৮ জুন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশের দাবি, রাজনৈতিক পরিচয়ের প্রভাবকে কাজে লাগিয়ে ওয়াকিল দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ওয়াকিল হোসেন নগরের ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এখনো অধরা ‘বগা’

পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ১৭ মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে ‘বগা’কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।