ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পর জারি করা রুল খারিজ করে বৃহস্পতিবার এ রায় দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।
রায়ের পর গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এনবিআরের করা কর দাবির বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণ হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার জারি করা রুল খারিজ করে দিয়েছেন। এর ফলে এনবিআরের দাবিই বহাল থাকল।
আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর।
তিনি বলেন, ‘আমরা এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার চিন্তাভাবনা করছি। মক্কেলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী তিন বছরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে। তবে ঠিক কবে নাগাদ ওই অর্থ পরিশোধ করতে হবে, তা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।
২০১৭ সালে রিট
এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ। ওই রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের ওপর দীর্ঘ আইনি প্রক্রিয়া ও উভয়পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার তা খারিজ করে দেন হাইকোর্ট।
ফলে হাইকোর্টের এ রায়ের মধ্য দিয়ে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়টি বহাল থাকল। তবে গ্রামীণ কল্যাণ আপিল বিভাগে গেলে পরবর্তী আইনি প্রক্রিয়ায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।
