ছবি: সংগৃহীত
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়াকে কেন্দ্র করে সুমাইয়া রহমান নামে এক তরুণীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। প্রায় আধা ঘণ্টা ধরে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয় বলে অভিযোগ করেছেন সুমাইয়া।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বনশ্রী এফ ব্লকের ৮/৩ নম্বর সড়কের লাল মিয়া গলিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার খিলগাঁও থানায় অভিযোগ দিয়েছেন সুমাইয়া। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
সুমাইয়ার অভিযোগ, কয়েকটি পথকুকুরকে খাবার দেওয়ার সময় স্থানীয় একটি কাপড়ের দোকানের সামনে থাকা এক কিশোর তাকে সেখান থেকে সরে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবক তাকে মুখে ঘুষি মারেন। পরে আরও কয়েকজন সেখানে এসে তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন।
সুমাইয়া অভিযোগ করেন, প্রায় আধা ঘণ্টা ধরে তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তার মুখ, চোয়াল, চোখের নিচে ও হাতে আঘাত লাগে। পরে বুধবার সকালে তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বুধবার সুমাইয়া থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর বিকেলে সুমাইয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা-পুলিশ।
তিনি বলেন, হামলায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
