মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন, তিন নারীসহ ৭ জন কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

চট্টগ্রামে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় তিন নারীসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও শিশু আদালত পৃথক আদেশে তাদের কারাগারে পাঠান।

রোববার দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালনকালে তাদের আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থক।

আটক ব্যক্তিরা হলেন—আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশ জানায়, ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করা নুরুল হাকিম রাব্বি পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নেন। পরে কেক কাটার পর বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার নিয়ে বৃদ্ধদের খাওয়াতে গেলে তাকে আটক করা হয়। এরপর একই ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাতজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সোমবার আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আদালতের আদেশের পর সাতজনকেই কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে করা মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।