ফাইল ছবি
কুষ্টিয়ার ভেড়ামারায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় উপজেলা চত্বরে আলোচনা সভা, র্যালি, নগদ অর্থ প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ বছরের প্রতিপাদ্য— “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”। প্রবীণদের মর্যাদা, অধিকার ও কল্যাণের বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের প্রতি সামাজিক দায়িত্বের বিষয়টিও অনুষ্ঠানে গুরুত্ব পায়।
ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোলায়েম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পরে র্যালি, নগদ অর্থ প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
