শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থানার ভেতর পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, মোটরসাইকেল পার্কিং নিয়ে বাগ্‌বিতণ্ডা, আটক যুবদল নেতা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড মডেল থানা চত্বরে থমথমে পরিস্থিতি ও উপস্থিত পুলিশ সদস্য ও উৎসুক জনতা। ইনসেটে অভিযুক্ত উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে থানার ভেতরে মো. শফিক নামে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরই ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা চত্বরে মোটরসাইকেল পার্কিং নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার গেটে মোটরসাইকেল রাখা নিয়ে কর্তব্যরত কনস্টেবল মো. শফিকের সঙ্গে যুবদল নেতা ইসমাইল হোসেনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা হাতাহাতিতে গড়ালে ইসমাইলের হামলায় কনস্টেবল শফিক আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তবে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দাবি, সামান্য কথা-কাটাকাটির জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে মন্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্যসচিবসহ একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, থানার গেটে গাড়ি রাখা নিয়ে কনস্টেবল শফিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।