বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মতবিনিময় সভা

এস এম বাদল
অক্টোবর ৬, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাউল-সাধু ও ভক্তদের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আশ্বাস। ফাইল ছবি

মরমী সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদ্‌যাপন ও সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে কুষ্টিয়ায় গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালনের অসাম্প্রদায়িক মানবধর্ম ও দর্শনের বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত বাউল, সাধু ও ভক্ত-অনুরাগীদের নিরাপত্তা ও সার্বিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সভায়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি মোঃ তৌহিদ বিন-হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা) মোঃ হারুন-অর-রশীদ, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা এবং রেভিনিউ মুন্সিখানা শাখা) রেশমা খাতুন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

সভায় বক্তারা বলেন, বাউল সম্রাট লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক মানবধর্ম ও দর্শনের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। একই সঙ্গে দূর-দূরান্ত থেকে আগত বাউল, সাধু ও ভক্ত-অনুরাগীদের সার্বিক নিরাপত্তা, যাতায়াত ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

লালনের দর্শন ও মানবতার বাণীকে ঘিরে এবারের আয়োজনও যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে ওঠে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।