বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মাদক, চুরি ও অর্থ আত্মসাৎসহ ২৫ মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

এস এম বাদল
অক্টোবর ৭, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

কুষ্টিয়ায় মাদক, চুরি, অর্থ আত্মসাৎ, চেক ডিজঅনার, যৌতুক ও পুলিশ আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সেপ্টেম্বর মাসে (২০২৬) কুষ্টিয়া সিজেএম কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মামুনুর রহমান এসব মামলার রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১১টি, পেনাল কোডের ২টি, পুলিশ আইনের ৫টি, চেক ডিজঅনারের ৫টি, সড়ক পরিবহন আইনের ১টি এবং যৌতুক নিরোধ আইনের ১টি মামলায় মোট ২৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদক সংক্রান্ত মামলাগুলোর মধ্যে ১৭ পুরিয়া হেরোইন ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে একজনকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অপর একজনকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে একজনকে ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, ৫২ পিস ইয়াবা ট্যাবলেটের মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা হেফাজতে রাখার অপরাধে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অন্য একটি মামলায় ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া জি-প্যাথেডিন ১০ অ্যাম্পল (২০ মিলি) হেফাজতে রাখার অপরাধে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, ৪৩২ বোতল রেকটিফাইড স্পিরিট হেফাজতে রাখার অপরাধে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ১১০ পিস ইয়াবা ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে একজনকে ১ বছর প্রবেশন দেওয়া হয়েছে।

অন্যদিকে, চুরির অপরাধে একজনকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থ আত্মসাতের অভিযোগে পেনাল কোডের ৪০৮ ধারায় একজনকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। যৌতুক নিরোধ আইনের মামলায় একজনকে ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চেক ডিজঅনার ও পুলিশ আইনের মামলাগুলোতেও আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিচারক মোঃ মামুনুর রহমানের আদালত গত সেপ্টেম্বর মাসে মাত্র ২০ কার্যদিবসে বিচারিক আদালতের ৬৩টি এবং সদর থানা আমলী আদালতের ৬৩টি মামলাসহ মোট ১২৬টি মামলা নিষ্পত্তি করেছেন।

ফলে একদিকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামিদের সাজা নিশ্চিত হয়েছে, অন্যদিকে স্বল্প সময়ে বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তির মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রমেও গতি এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।