বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ‘পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স’ দ্রুত বিচার, ডোপ টেস্ট ও ওয়ারেন্ট তামিলে জোর—আসামি গ্রেপ্তারে ডিজিটাল ডিভাইস ব্যবহারের ওপর গুরুত্ব

কুষ্টিয়া প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় বিচারিক কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে অনুষ্ঠিত হয়েছে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স’। দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা, বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করা, মাদক মামলার আসামিদের ডোপ টেস্ট এবং বিভিন্ন মামলার ওয়ারেন্ট দ্রুত তামিলসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে।

গত ৭ অক্টোবর ২০২৬ কুষ্টিয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার বিচার বিভাগের অভিভাবক, সিনিয়র জেলা ও দায়রা জজ  এনায়েত কবির সরকার। এতে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. ফিরোজ মামুন।

গুরুত্বপূর্ণ এ সম্মেলনে ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্মেলনে সুষ্ঠু বিচার কার্যক্রম পরিচালনা ও বিচারিক কার্যক্রমের প্রক্রিয়া ত্বরান্বিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক-সংক্রান্ত মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের ডোপ টেস্ট, বিভিন্ন মামলার ওয়ারেন্ট দ্রুত তামিল, সামারি ট্রায়াল পরিচালনা এবং সামারি ট্রায়াল-সংক্রান্ত বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া আসামি গ্রেপ্তারের সময় ডিজিটাল ডিভাইসের যথাযথ ব্যবহার এবং এর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো গেলে মামলার নিষ্পত্তি দ্রুত হবে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে। একই সঙ্গে আইনানুগ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে আসামি গ্রেপ্তার ও মামলার কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।