বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখায় কোটি কোটি টাকা লোপাট, ব্যবস্থাপকসহ আরও ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৬

শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার ব্যবস্থাপকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপকসহ আরও পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ব্যাংকের শ্রীনগর শাখার ভেতর থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় ব্যাংকের মোট ছয় কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার ব্যবস্থাপক শরীফউদ্দিন (৩৯), সাবেক ক্যাশ অফিসার মো. জিন্নাহ হোসেন (৩৪), বেসরকারি সিকিউরিটি গার্ড রঞ্জু আহমেদ (৩০), বেসরকারি সিকিউরিটি গার্ড আব্দুল হাই (৪২) এবং ব্যাংকের দিঘিরপাড় শাখার ব্যবস্থাপক রেজাউল হক (৪২)।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় তদন্ত কার্যক্রম চালায়। তদন্ত শেষে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকা থেকে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার সিনিয়র সহকারী ম্যানেজার শরীফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার সবাইকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রাহকদের আত্মসাৎ করা টাকার প্রকৃত পরিমাণ নির্ধারণে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তিন সদস্যের একটি অডিট টিম গঠন করা হয়েছে। বর্তমানে অডিট কার্যক্রম চলমান রয়েছে। গণমাধ্যমে আত্মসাতের অর্থের পরিমাণ নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হলেও অডিট শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত অর্থের পরিমাণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তপশিলভুক্ত অপরাধ হওয়ায় দুদকও বিষয়টি তদন্ত করছে। আত্মসাতের প্রকৃত অর্থের পরিমাণ, অর্থের অবস্থান এবং এ ঘটনায় আরও কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—তদন্ত ও অডিটের মাধ্যমে তা বেরিয়ে আসবে।

গ্রাহকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা

প্রসঙ্গত, সম্প্রতি অগ্রণী ব্যাংকের শ্রীনগর বাজার শাখায় শত শত গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হন শাখাটির সিনিয়র সহকারী ম্যানেজার শরীফুজ্জামান সোহাগ। তার আত্মগোপনের খবর ছড়িয়ে পড়লে গ্রাহকদের মধ্যে দেখা দেয় তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর গত ২২ সেপ্টেম্বর থেকে ব্যাংকটিতে ভিড় করতে শুরু করেন ভুক্তভোগী গ্রাহকরা। আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে তারা মানববন্ধন ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

এ ঘটনায় ব্যাংকের আরও কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে কি না এবং গ্রাহকদের আত্মসাৎ করা অর্থের প্রকৃত পরিমাণ কত—তা নিয়ে এখন তদন্ত ও অডিটের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।