ছবি: সংগৃহীত
কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুন তাজমীন (১৫) ধর্ষণ ও হত্যা মামলায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাজমীন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, রাজুই নিহত তাজমীনকে ফুসলিয়ে কক্সবাজারে নিয়ে এসেছিলেন। তাকে কুমিল্লার মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
এদিকে আটকের আগে একটি গণমাধ্যমের কাছে তাজমীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেন রাজু। তার ভাষ্য, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমীনের সঙ্গে পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
রাজুর দাবি অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ভোরে তারা কক্সবাজারে পৌঁছে কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। পরদিন দুপুরে তাজমীন একাই কুমিল্লার উদ্দেশে রওনা দেন। তবে পথেই তিনি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।
তাজমীনের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজুর সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। তাকে কুমিল্লার মামলায় আসামি করা হবে কি না, তা নিয়ে তদন্তসংশ্লিষ্টদের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
