সকাল ১০টার দিকে ইউনিট-২-এ সূত্রপাত, ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। বুধবার সকাল ১০টার দিকে কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে কারখানায় আগুন লাগার খবর পায় টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন। খবর পাওয়ার পরপরই কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ২৫ মিনিটে তাঁরা কারখানায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
দ্রুত ছড়িয়ে পড়ে আগুন
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে আগুনের শিখা ও ধোঁয়া। কারখানার ভেতরে থাকা ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট সরঞ্জাম ও অন্যান্য মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।
আগুনের তীব্রতা বিবেচনায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
তবে কারখানার কোন তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
