রতনপুর পূজামণ্ডপ পরিদর্শন, শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্যাপনে পাশে থাকার আশ্বাস বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। ছবি: সমতল মাতৃভূমি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দুর্গাপূজার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক নাসিম সুলতান সোহেলের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
পূজা কমিটির সভাপতি উত্তম কুমার দাসের হাতে উপহারসামগ্রী তুলে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন শেখ, যুবদল নেতা শাওখাত হোসেন, মুজিবনগর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা এবং মেহেরপুর জেলা যুবদলের সদস্য হাফিজুর।
এ ছাড়া রতনপুর গ্রাম বিএনপির অন্যতম সদস্য পিন্টু মণ্ডল, নেপাল সরকার ও পিতল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য মুজিবনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারেন, সে বিষয়ে তাঁরা সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় মুজিবনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন শেখ সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আশ্বস্ত করে বলেন, রতনপুর গ্রাম বিএনপির সব নেতাকর্মী তাঁদের পাশে রয়েছেন। যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।
