বাসে তল্লাশিতে অস্ত্র উদ্ধার, মুন্সীগঞ্জে দুই সহোদরের বাসা থেকে পিস্তল ও ৪১ লাখ টাকা জব্দ। ময়মনসিংহ এসআরবি-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মাসুদ রানা। ছবি: সংগৃহীত
পুরোনো, ভাঙা হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে বহন করা হচ্ছিল দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন। যাত্রীবাহী বাসে বিশেষ তল্লাশি চালিয়ে অস্ত্রের এই চালান উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় বাসের ভেতর থেকে মো. বারেক ব্যাপারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে তিনজনের কাছ থেকে মোট তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগাজিন, তিনটি স্মার্টফোন এবং অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক মাসুদ রানা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা জেলার মো. বারেক ব্যাপারী (৪৯) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার সহোদর দুই ভাই মো. সুজন হোসেন বেপারী (৩২) ও মনির হোসেন বেপারী (৪৫)।
যমুনা সেতু এলাকায় তল্লাশি, সন্দেহজনক আচরণে আটক
র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মাসুদ রানা জানান, বুধবার রাত সোয়া দুইটার দিকে টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ-ঢাকাগামী লেনে বিশেষ তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রিয়াজ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান র্যাব সদস্যরা।
বাসে থাকা যাত্রী মো. বারেক ব্যাপারীর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিগত মালামাল এবং কাঠের তৈরি একটি পুরোনো ভাঙা হারমোনিয়াম তল্লাশি করা হয়।
হারমোনিয়ামের ভেতরে মিলল অস্ত্রের চালান
র্যাবের অধিনায়ক জানান, জিজ্ঞাসাবাদে বারেক স্বীকার করেন, হারমোনিয়ামের ভেতরে অবৈধ আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে। পরে সেটির ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, কুষ্টিয়া থেকে অস্ত্র ও গুলির চালানটি কিনে মুন্সীগঞ্জের সুজন ব্যাপারীর কাছে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্রের চালান গ্রহণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্য দুই ভাইয়ের সন্ধানে অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জে দুই ভাইয়ের বাসায় অভিযান, জব্দ ৪১ লাখ টাকা
বারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে র্যাব-১১-এর একটি দল মুন্সীগঞ্জ সদর থানার শিরোলই এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায়। এ সময় সুজন ও তাঁর বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের বাসা তল্লাশি করে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
মোট তিন পিস্তল, ১১ রাউন্ড গুলি উদ্ধার
র্যাবের তথ্য অনুযায়ী, দুই দফার অভিযানে তিনজনের কাছ থেকে মোট তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগাজিন, তিনটি স্মার্টফোন ও ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মাসুদ রানা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানায় এবং মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অস্ত্রের উৎস, সরবরাহের পথ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
