বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবিতে ছয় মাস মেয়াদি ফেলোশিপ সমাপনী অনুষ্ঠিত

খুলনা জেলা প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

জলবায়ু সাংবাদিকতা বিষয়ে অভিজ্ঞতা অর্জন এবং নিউজরুমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নৈতিকতা বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ও দৃক আয়োজিত ছয় মাস মেয়াদি ফেলোশিপের সমাপনী অনুষ্ঠান বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার সম্মেলন কক্ষে ‘ক্লাইমেট জার্নালিজম অ্যান্ড এথিক্যাল এআই ইন নিউজরুম’ শীর্ষক ফেলোশিপে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ১৫ জন শিক্ষার্থী অংশ নেন।

এই ফেলোশিপে শিক্ষার্থীরা জলবায়ু সংকটের কারণে খুলনার বিভিন্ন অঞ্চলের থাকা মানুষের সমস্যা ও সংকট নিয়ে প্রতিবেদন তৈরি করেন। তাঁদের কাজ ও অর্জন তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোকচিত্র প্রদর্শনীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম। তিনি বলেন, পদ্মার এপারে বিশাল জনবসতি থাকলেও এ অঞ্চল বরাবরই অবহেলিত। জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে এ অঞ্চলের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং মিঠাপানির প্রবাহ কমে গেছে। তিনি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. হারুনুর রশীদ খান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সাংবাদিকতা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই এআইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পেশাগত নীতি-নৈতিকতা বজায় রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দৃকের প্রতিষ্ঠাতা, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে আজ আমরা ভিন্ন এক খুলনাকে দেখতে পাচ্ছি। অথচ একটা সময় এ অঞ্চলের চিত্র ছিল ভিন্ন। ফেলোরা কেবল সাংবাদিকতার প্রচলিত ধারায় সীমাবদ্ধ না থেকে মানুষের গল্প তুলে ধরেছেন। তাঁদের কাজে মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।’

শহিদুল আলম আরও বলেন, শিক্ষার্থীরা একটি ভিন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। সেই বাংলাদেশ গড়তে সৎ ও সাহসী সাংবাদিক প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মনের বিকল্প হতে পারে না, বিষয়টি উপলব্ধি করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের মানুষের আস্থা অর্জন করতে হবে।

এমসিজে ডিসিপ্লিনের প্রধান মো. মাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শামিম হোসেন। তিনি ফেলোশিপের পুরো কার্যক্রমের বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেলোশিপ প্রোগ্রামের আবহ্বায়ক সহযোগী অধ্যাপক সারা মনামী হোসেন। আহ্বায়ক হিসেবে তিনি ফেলোদের অভিনন্দন জানান ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিসিপ্লিন প্রধান মাজিদুল ইসলাম বলেন, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থী হাতেকলমে সাংবাদিকতা শেখার ক্ষেত্রে সাহায্য করে। তাই এই ধরনের উদ্যোগ আবারও নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।