নিজ বাড়িতে মোটর স্থাপনের সময় মর্মান্তিক দুর্ঘটনা, এলাকায় শোকের ছায়া। প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনীতে নিজ বাড়িতে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মিন্নাত আলী (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করমদী গ্রামের সাহাবুর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ বাড়িতে পানির মোটর বসানোর কাজ করছিলেন মিন্নাত আলী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিন্নাত আলীর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে করমদী গ্রামের সাহাবুর পাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
