বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাস থেকে নামিয়ে যুবলীগ নেতাকে মারধর ও অপহরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মেজবাহ উদ্দিন

‎লক্ষ্মীপুরে এক যুবলীগ নেতাকে উদ্ধারের পর এক ছাত্রদল নেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার ঝুমুর মোড় থেকে তুলে নেওয়া হয় রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলালকে (৫৩)। পরে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে তাঁকে উদ্ধার করে ডিবি। এ সময় আটক করা হয় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে (৩২)।

মেজবাহ উদ্দিন হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা এলাকার বাসিন্দা। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে ইকোনো পরিবহনের একটি বাস থেকে মেজবাহ উদ্দিন হেলালকে টেনেহিঁচড়ে নামায় কিছু লোক। তারা হেলালকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে মারধর করে। পরে তাঁকে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে যাওয়া হয়।

বুধবার ‎জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপনে ডিবি পুলিশের কাছে তথ্য আসে, অজ্ঞাতপরিচয় ১০-১২ জন ব্যক্তি ঝুমুর মোড় থেকে ‘ভিপি হেলাল’ নামে এক ব্যক্তিকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তর তেমুহনী লিল্লাহ মসজিদ-সংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে ডিবি পুলিশের টহল দল। এ সময় ঘটনাস্থল থেকে জামাল হোসেন নামে একজনকে আটক করা হয়। লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা জামাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।