নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইকিং করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কাশোপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ও রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
ইসলাম শহীদ এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা ইউনিয়ন শাখার সভাপতি ও নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে আব্দুল জলিল (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে মাইকিংয়ের ঘটনাটি ঘটে। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রকাশ্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন।
মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম’ জানানো হয়। পাশাপাশি অন্যান্য ধর্ম ও বর্ণের মানুষের প্রতি আদাব ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেওয়া হয়।
প্রচারণায় দাবি করা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত-নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়।
ঘটনাটি পুলিশের নজরে আসার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এলে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার দুজন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
