শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

হেলমেট পরা চার দুর্বৃত্তের হামলা, লোহার রডের আঘাতে আহত দুই কর্মকর্তা। প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় দুই কর্মকর্তা গুরুতর আহত হন। ছিনতাইয়ের পর দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যান হামলাকারীরা।

আহত দুই কর্মকর্তা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।

এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করা ৩০ লাখ টাকা এবং তাঁর কাছ থেকে নেওয়া আরও ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরে যাচ্ছিলেন ব্যাংকের ওই দুই কর্মকর্তা।

পথে দুপুরের দিকে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে হেলমেট পরা চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে তাঁদের পথরোধ করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাঁদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ফিরোজ হোসেন আরও জানান, দুর্বৃত্তদের মারধরে দুই কর্মকর্তা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।