টঙ্গীতে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কা, হাসপাতালে নেওয়ার পর ছেলের মৃত্যু—বাবার মৃত্যু ঢামেকে। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাসের (২০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তপন চন্দ্র দাস ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস গুরুতর আহত হন।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মোন্নাফ আহমেদ রাতের বিশেষ ডিউটিতে থাকা অবস্থায় সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আহত দুজনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছেলে লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত তপন চন্দ্র দাস ও লিখন চন্দ্র দাস শেরপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকার বাসিন্দা। তাঁরা টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা-২৭ চৌরাস্তা এলাকায় মিজানের বাড়িতে ভাড়া থাকতেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার পর বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
