ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটির কার্টুনের গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন দেখতে পান শ্রমিক ও স্থানীয় লোকজন। এ সময় তাঁরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে আরও চারটি ইউনিট যোগ দেয়। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শামীম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
