মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে র্যাবের অভিযান, অন্য আসামিদের ধরতে তৎপরতা অব্যাহত। ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তার, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগে একটি গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-২। গ্রেফতার ব্যক্তিরা হলেন পলাশ (২৮) ও তোতা মিয়া ওরফে রাব্বি (২২)।
মামলা দায়েরের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার রাজধানীর রায়েরবাজার ও বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ আধিপত্য বিস্তার, ছিনতাই ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গ্রুপটির সদস্যরা দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি নিয়ে দলবদ্ধভাবে শক্তির মহড়া দিতেন। পথচারীদের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এসআরবি-২ জানায়, এ ঘটনায় গত ২৩ অক্টোবর মিঠু মিয়া (২০) নামে ওই গ্রুপের এক সদস্যকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি মোহাম্মদপুর থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা হয়।
মামলা দায়েরের পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-২। এরই ধারাবাহিকতায় শনিবার রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার তিন নম্বর আসামি পলাশকে এবং বোটঘাট এলাকা থেকে চার নম্বর আসামি তোতা মিয়া ওরফে রাব্বিকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার রাব্বির বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা রয়েছে। অন্যদিকে, পলাশের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দস্যুতা, গুরুতর আঘাত ও হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।
