মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফার্মগেটে বাস-পোস্তগোলায় রিকশায় আগুন, বন্ধ মেট্রো স্টেশন

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৯, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন লেগেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রো স্টেশনটি। একই সময়ে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায়ও আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, লাভলী পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটিতে যাত্রী ছিলেন, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাসে আগুন লাগার পর ফার্মগেট মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার স্টেশন চালু করে যাত্রীসেবা শুরু করা হবে।

এদিকে সোমবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থাটির দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।