নিজস্ব আয় সরকারি কোষাগারে জমা না দিয়ে ভাতার নামে বিপুল অর্থ ব্যয়, জবাবদিহির ঘাটতি ও দুর্নীতির অভিযোগ। ফাইল ছবি
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ২৫ থেকে ২৭ গুণ পর্যন্ত অর্থ ঝুঁকিভাতা হিসেবে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির নিজস্ব আয়ের পুরো অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে ঝুঁকিভাতার নামে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে। সরকারি কোনো মন্ত্রণালয়, দপ্তর কিংবা অধিদপ্তরে এ ধরনের নজির নেই বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে দুদকের প্রাতিষ্ঠানিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন বিস্ময়কর তথ্য। অনুসন্ধানে বিএসটিআইয়ের অভ্যন্তরীণ দুর্বলতা, আর্থিক অনিয়ম, প্রশাসনিক অসংগতি, তদারকির ঘাটতি এবং দুর্নীতির নানা ক্ষেত্র চিহ্নিত করেছে কমিশন। এসব অনিয়ম ও দুর্বলতা দূর করতে ঝুঁকিভাতার নামে অর্থের অপচয় বন্ধসহ মোট ২৬টি সুপারিশ করেছে দুদক।
সুপারিশসংবলিত প্রতিবেদন গত ১৯ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দুদক সচিব মো. সাইদুর রহমান খান স্বাক্ষরিত ওই প্রতিবেদনের অনুলিপি পাঠানো হয়েছে শিল্প মন্ত্রণালয়েও। উল্লেখ্য, বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঝুঁকিভাতায় নজিরবিহীন ব্যয়, সরকারি বিধিবিধান নিয়ে প্রশ্ন
দুদকের প্রতিবেদনে বিএসটিআইয়ের ঝুঁকিভাতা প্রদানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২৫ থেকে ২৭ গুণ পর্যন্ত অর্থ ঝুঁকিভাতা হিসেবে পাচ্ছেন। অথচ এ ধরনের ভাতা বন্ধে অর্থ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
কিন্তু বিএসটিআইয়ের একজন কর্মকর্তা হাইকোর্ট বিভাগে রিট করে অর্থ বিভাগের ওই নির্দেশনার কার্যকারিতা স্থগিত করিয়েছেন। সেই সুযোগে কর্মকর্তা-কর্মচারীরা এখনো এই ভাতা পাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী, মন্ত্রণালয়ের সম্মতি ছাড়া এ ধরনের ভাতা প্রদান আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। একই সঙ্গে অন্যান্য সরকারি দপ্তরের সমপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএসটিআইয়ের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার সামঞ্জস্য নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। অন্যথায় সরকারি অন্যান্য প্রতিষ্ঠানও এটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কমিশন।
জনবল সংকট, দুর্বল নজরদারি ও গবেষণায় পিছিয়ে বিএসটিআই
দুদকের অনুসন্ধানে বিএসটিআইয়ের বেশ কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হলেও বিএসটিআইয়ের কার্যক্রম দেশের প্রতিটি জেলায় বিস্তৃত নয়। পর্যাপ্ত জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধার অভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার তদারকি এবং পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রতিষ্ঠানটিতে গোপন নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য পৃথক ইউনিট এবং প্রয়োজনীয় জনবল নেই। কাউন্টার ইন্টেলিজেন্স ও জবাবদিহির ক্ষেত্রেও রয়েছে ঘাটতি। আমদানি করা পণ্যের ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ঝুঁকিভিত্তিক ব্যবস্থাপনাও চালু করা যায়নি।
অটোমোবাইল ও মেডিকেল ডিভাইসের মতো নতুন শিল্প খাতের জন্য প্রয়োজনীয় মান প্রণয়ন এবং আধুনিক পরীক্ষাগার স্থাপনেও ঘাটতি রয়েছে। এমনকি প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো গবেষণা ইউনিটও নেই।
লাইসেন্সের বাইরে বিপুল পণ্য, ভেজাল ও নকলের ঝুঁকি
পণ্য উৎপাদন ও বিপণনে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়ম মেনে চলছে কি না, তা তদারকির ক্ষেত্রেও বড় ধরনের দুর্বলতা চিহ্নিত করেছে দুদক।
প্রতিবেদনে বলা হয়েছে, বিপুলসংখ্যক পণ্য বাধ্যতামূলক লাইসেন্সের আওতার বাইরে থাকায় নকল, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন এবং বাজারজাতের সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কি না, উৎপাদন পর্যায়ে তা পর্যবেক্ষণের ব্যবস্থাও যথাযথ নয়। প্রায়ই একই ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। একজন কর্মকর্তার বারবার একই ধরনের অভিযানে অংশগ্রহণের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সখ্য গড়ে ওঠা এবং অনিয়মের সুযোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিএসটিআইয়ে গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষিত দক্ষ কর্মকর্তার ঘাটতি রয়েছে। সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স দেওয়ার পর নিয়মিত তদারকির ব্যবস্থা দুর্বল। পণ্য উৎপাদন ও বাজারজাতের অনুমতি দেওয়ার পর নির্দিষ্ট সময় অন্তর সেগুলো পর্যবেক্ষণের ব্যবস্থাও যথাযথভাবে কার্যকর নেই।
জাল সিল দিয়ে বাজারে নিম্নমানের পণ্য, নীরবতার অভিযোগ
বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের জাল বা ভুয়া সিল লাগিয়ে নিম্নমানের ও ভেজাল পণ্য বাজারজাতের বিষয়টিও অনুসন্ধানে উঠে এসেছে।
এ ধরনের অপরাধ প্রতিরোধে বিএসটিআইয়ের পর্যাপ্ত নজরদারি না থাকা, জনবল সংকট এবং কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছে দুদক।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন সময়ে কোনো কোনো পণ্য নিম্নমানের বা ভেজাল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হলেও পরে অসাধু ব্যবসায়ীদের প্রভাবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে মানহীন পণ্য আবারও বাজারজাতের সুযোগ তৈরি হচ্ছে।
পাশাপাশি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, পণ্যের মান নির্ধারণ এবং ভেজালবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতির বিষয়টিও অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতিমূলক কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটি তার মূল লক্ষ্য অর্জনে বাধার মুখে পড়ছে বলে মনে করছে কমিশন।
একাধিক সংস্থার কাজের পুনরাবৃত্তি, অপচয় হচ্ছে সরকারি অর্থ
পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে। তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে যথাযথ সমন্বয়ের অভাব রয়েছে বলে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই ধরনের নজরদারির দায়িত্ব একাধিক প্রতিষ্ঠানের হাতে থাকায় কাজের পুনরাবৃত্তি হচ্ছে। উৎপাদন ও বাজার তদারকির জন্য আলাদাভাবে যন্ত্রপাতি কেনা ও আমদানি করায় সরকারের বিপুল অর্থ ব্যয় হচ্ছে।
দুদকের মতে, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পৃথক পরীক্ষাগার স্থাপনের পরিবর্তে সব প্রতিষ্ঠানের ব্যবহারের উপযোগী একটি আধুনিক ও সমন্বিত পরীক্ষাগার স্থাপন করা হলে সরকারি অর্থের অপচয় কমবে।
এ ছাড়া বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে ইচ্ছামতো ব্যয় করার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং আইনের নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে বলে উল্লেখ করেছে দুদক।
অনিয়ম বন্ধে ২৬ দফা সুপারিশ: নজরদারি থেকে জবাবদিহি
বিএসটিআইয়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ২৬টি সুপারিশ দিয়েছে দুদক। এর মধ্যে রয়েছে—
১. প্রতিষ্ঠিত কোম্পানির ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের জাল বা ভুয়া সিল লাগিয়ে নিম্নমানের ও ভেজাল পণ্য বাজারজাত বন্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি জোরদার করা।
২. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা।
৩. বাধ্যতামূলক লাইসেন্সের আওতা বাড়ানো এবং পণ্য উৎপাদনকারী কারখানায় নিয়মিত ও বাধ্যতামূলক পরিদর্শন নিশ্চিত করা।
৪. পণ্যের নমুনা পরীক্ষার ফলাফল বিএসটিআইয়ের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা।
৫. বাজার তদারকি ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো এবং একই ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তি বন্ধ করা।
৬. পৃথক পরীক্ষাগার স্থাপনের পরিবর্তে সব প্রতিষ্ঠানের ব্যবহারের উপযোগী আধুনিক পরীক্ষাগার স্থাপন করা।
৭. মূল বেতনের ২৫ থেকে ২৭ গুণ পর্যন্ত ঝুঁকিভাতা প্রদানের বিষয়টি আইন ও বিধিবিধান অনুযায়ী দ্রুত নিষ্পত্তি করা।
৮. বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা অন্যান্য সরকারি দপ্তরের সমপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।
৯. বিভিন্ন দেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থার সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের কার্যপদ্ধতি গ্রহণ করা।
১০. প্রতিষ্ঠানের পদকাঠামো পুনর্বিন্যাস করে পিরামিড আকৃতির ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা।
১১. মাঠপর্যায়ে তদারকির জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করে অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত করা।
১২. নিম্নমানের বা ভেজাল পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে তার যৌক্তিকতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা।
১৩. নমুনা অনুমোদন ও লাইসেন্স প্রদানসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে শিল্পোদ্যোক্তাদের হয়রানি বন্ধে কার্যকর তদারকি চালু করা।
১৪. অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধে মনিটরিং, জবাবদিহি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করা।
পদকাঠামোতেও বড় অসংগতি
দুদকের প্রতিবেদনে বিএসটিআইয়ের অনুমোদিত পদকাঠামো নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির অনুমোদিত ৮৪২টি পদের মধ্যে নবম গ্রেড ও তদূর্ধ্ব পদের সংখ্যা ৪৭৬টি। বিপরীতে দ্বিতীয় শ্রেণির পদ রয়েছে মাত্র ১০টি।
এ ধরনের পদবিন্যাসে প্রশাসনিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলে মনে করছে দুদক। এ কারণে পদকাঠামো পিরামিড আকৃতির করার জন্য শিল্প মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো, মাঠপর্যায়ে তদারকির জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করে অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ চায় দুদক
বিএসটিআইয়ের বিভিন্ন সেবা কার্যক্রমে হয়রানি, লাইসেন্স প্রদান ও নমুনা অনুমোদনে অনিয়ম এবং অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধে নিয়মিত নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছে দুদক।
কমিশনের পর্যবেক্ষণে উঠে আসা সমস্যাগুলো সমাধানে ২৬টি সুপারিশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দুদকের প্রাতিষ্ঠানিক অনুসন্ধান টিমের নেতৃত্বে ছিলেন কমিশনের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মো. মশিউর রহমান ও সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।
জাতীয় মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নজরদারির দুর্বলতা ও জবাবদিহির ঘাটতির এমন চিত্র সামনে আসায় বিএসটিআইয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও সংস্কার নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এখন দুদকের ২৬ দফা সুপারিশ বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।
