নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবাদ, সমাবেশ, আলোচনা সভা, বিজয় র্যালি ও সামাজিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দল। ছবি: সংগৃহীত
আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাশকতাবিরোধী বিক্ষোভ, সরকারের ব্যর্থতার প্রতিবাদ, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের আলোচনা সভা, বিজয় দিবসের র্যালি এবং সামাজিক সেবামূলক উদ্যোগসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার পরিকল্পনা নিয়েছে দলটি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, লোডশেডিং এবং গণভোটের রায় কার্যকর না করে বিরোধী দলকে পাশ কাটিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।
ফ্যাসিবাদ প্রতিহত করার আন্দোলন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে সঙ্গে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন মানেই গাড়ি পোড়ানো কিংবা মানুষ হত্যা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই জামায়াতের সবচেয়ে বড় শক্তি।
সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ে যে ইস্যুতে রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসেছিল, সেই জুলাই সনদ ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার বাস্তবায়নে সরকারকে আগে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্র তৈরি করতে হলে জুলাইয়ে এক মঞ্চ গঠনের পেছনে যে কারণ ছিল, সেগুলোর আগে সমাধান করতে হবে।
৪১ দিনের কর্মসূচিতে সমাবেশ, মিছিল ও আলোচনা সভা
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর ঢাকায় নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সন্ত্রাসবিরোধী সমাবেশ করবে জামায়াত। ২৫ নভেম্বর দেশের বাকি ১১টি মহানগরে একই কর্মসূচি পালন করা হবে। ওই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগ মানববন্ধন করবে। ২৬ নভেম্বর সব জেলায় সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আয়োজন করা হবে আলোচনা সভা।
৩০ নভেম্বর দেশের সব জেলা ও থানায় নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করবে দলটি। ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট নিরসনে আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় আইনজীবীদের আলোচনা সভা এবং ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন আয়োজন করবে জামায়াত। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৫ ডিসেম্বর জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর দেশব্যাপী বিজয় র্যালি আয়োজনের কর্মসূচি রয়েছে দলটির।
এ ছাড়া ১৯ নভেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বছরের শেষ প্রান্তে সামাজিক ও মানবিক উদ্যোগেও অংশ নেবে জামায়াত। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
