আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক মেয়র, মন্ত্রী, আমলা ও প্রকৌশলীদের বিরুদ্ধে ৬৬ খাতে ২৭,৮৫৯ কোটি টাকার অনিয়মের তথ্য । তদন্ত প্রতিবেদন দুদকে, শুরু হতে পারে আইনি পদক্ষেপ। ফাইল ছবি
স্থানীয় সরকার খাতের উন্নয়ন, জনসেবা আর অবকাঠামো নির্মাণের আড়ালে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ সামনে এসেছে। রাজনৈতিক ক্ষমতার প্রভাব, প্রশাসনিক যোগসাজশ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, ভুয়া বিল-ভাউচার, কাজ না করেই অর্থ উত্তোলন এবং সরকারি নথি গায়েব—সব মিলিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির এক ভয়াবহ চিত্র উঠে এসেছে অনুসন্ধানী প্রতিবেদনে।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে প্রায় ১৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়ের অনুসন্ধান কমিটি। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ৭৩ কোটি ১৯ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠে এসেছে।
শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নন, সরকারি কর্মকর্তা ও প্রকৌশলীদের বিরুদ্ধেও কোটি কোটি টাকা আত্মসাৎ এবং প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের বিরুদ্ধে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে উঠে এসেছে।
মন্ত্রণালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে বিগত সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিস্তৃত চিত্র উঠে এসেছে। অভিযোগের তালিকায় রয়েছেন সাবেক মেয়র, মন্ত্রী, আমলা, প্রকৌশলী ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা।
৬৬ খাতে দুর্নীতি, লুটপাটের অঙ্ক ২৮ হাজার কোটি টাকা
মন্ত্রণালয়ের অনুসন্ধান কমিটির তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, খুলনা ও রংপুর সিটি করপোরেশন, এলজিইডির পিরোজপুর কার্যালয়, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৬টি খাতে গুরুতর অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে।
এসব খাতে মোট আর্থিক অনিয়ম ও লুটপাটের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা। গত ৭ অক্টোবর প্রকাশিত মন্ত্রণালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই বিপুল অর্থের হিসাব। ইতোমধ্যে প্রতিবেদন ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা এবং মামলা দায়েরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে।
অনুসন্ধান কমিটি আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশও করেছে।
প্রকল্পের নামে লুট, কাজ ছাড়াই শতভাগ বিল!
অনুসন্ধানে উঠে এসেছে দুর্নীতির অভিনব সব কৌশল। কোথাও একই রাস্তার নির্মাণকাজ দেখিয়ে একাধিক প্রকল্প গ্রহণ ও বিল উত্তোলন করা হয়েছে। কোথাও প্রকল্পের অস্তিত্ব না থাকলেও কাগজে-কলমে কাজ দেখিয়ে ঠিকাদারকে শতভাগ বিল পরিশোধ করা হয়েছে।
নকশা ও নির্ধারিত মান অনুসরণ না করে সড়ক কিংবা ভবন নির্মাণ, সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দের নামে অনিয়ম এবং অডিট আপত্তি এড়াতে শত শত সরকারি নথি গায়েব করার অভিযোগও রয়েছে প্রতিবেদনে।
প্রকল্পের অর্থ ব্যয়, কাজের মান যাচাই এবং প্রশাসনিক তদারকির দুর্বলতাকে কাজে লাগিয়ে সরকারি অর্থ আত্মসাতের এসব ঘটনা ঘটেছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অভিযোগ
সাবেক অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম, ঘুষ ও অর্থপাচারের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এত বড় অঙ্কের অর্থনৈতিক অনিয়মের অভিযোগ ঘিরে সরকারি প্রকল্প, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য এবং অনুসন্ধানের চূড়ান্ত ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া বাকি।
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ঝুট ব্যবসা থেকে রাজনৈতিক প্রভাব বিস্তার, এরপর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি করপোরেশনের মেয়র—জাহাঙ্গীর আলমের উত্থানের সঙ্গে ক্ষমতার বিস্তারের নানা অভিযোগ সামনে এসেছে।
মন্ত্রণালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঙ্গে যোগসাজশে ৬৫৬ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
অভিযোগগুলো সত্য হলে, সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্প ও সরকারি অর্থ ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়মের বিষয়টি সামনে আসবে। তবে অভিযোগের প্রতিটি আর্থিক লেনদেন, প্রকল্প এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
১৫ বছর ওয়াসার এমডি, ৫ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তাকসিম এ খানের বিরুদ্ধে
দীর্ঘ ১৫ বছর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে দায়িত্ব পালন করেছেন প্রকৌশলী তাকসিম এ খান। তাঁর দীর্ঘ মেয়াদের দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় ৫ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
দুদকের প্রতিবেদন ও বিভিন্ন নথিপত্র পর্যালোচনায় তাঁর আমলের দুর্নীতির অভিযোগ তদন্তে গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সংশ্লিষ্ট নথির পূর্ণাঙ্গ তথ্য মন্ত্রণালয়ের অনুসন্ধান কমিটি পায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দীর্ঘ সময় একই পদে দায়িত্ব পালন, বড় বড় প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রীভবন—সব মিলিয়ে ওয়াসার ব্যবস্থাপনা ও প্রকল্প তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।
তাপসের বিরুদ্ধে অবৈধ সম্পদ, দোকান বরাদ্দ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
এ ছাড়া বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং মেয়র হানিফ ফ্লাইওভার (গুলিস্তান-যাত্রাবাড়ী) নির্মাণে অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আতিকুল ইসলামের আমলে কোটি কোটি টাকার বিল ও রাজস্ব ক্ষতির অভিযোগ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণসামগ্রীর ল্যাব টেস্ট না করিয়ে এবং পরীক্ষার প্রতিবেদন পাওয়ার আগেই ৪৩ কোটি ২৮ লাখ টাকার বিল পরিশোধ করা হয়েছে। উৎসে ভ্যাট না কাটায় ১৮ কোটি ৬২ লাখ টাকা, দোকান ও মোবাইল টাওয়ার ভাড়ায় ৫ কোটি ৩৪ লাখ টাকা এবং যানবাহন নিবন্ধন ও অগ্রিম আয়কর না দেওয়ায় সরকারের ১ কোটি ২৩ লাখ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগও রয়েছে।
সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২৮ কোটি ৪ লাখ ১০ হাজার টাকা এবং সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের বিরুদ্ধে ১৪৭ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।
ক্ষমতার শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় মন্ত্রণালয়ের প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনা ও তদারকির স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
পিরোজপুর এলজিইডিতে ১ হাজার ৬৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গায়েব ৩৭০ নথি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর জেলা কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং সরকারি নথি গায়েবের অভিযোগ উঠে এসেছে।
অনুসন্ধান অনুযায়ী, ২০২০-২০২১ থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে পিরোজপুর এলজিইডির ১৭টি প্রকল্পে বরাদ্দ ছিল ৩ হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকার কাজ হয়েছে বলে হিসাব দেখানো হয়েছে। বাকি ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকার কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ছাড়া ৩৭০টি নথি গায়েব করে অন্য কর্মকর্তাদের যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। এত বড় অঙ্কের প্রকল্প বরাদ্দের বিপরীতে কাজের বাস্তব অগ্রগতি, বিল পরিশোধ, প্রকল্পের নথি সংরক্ষণ এবং কর্মকর্তাদের জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
ঢাকা জেলা পরিষদের ২০ তলা ভবনেও আর্থিক অনিয়মের অভিযোগ
ঢাকা জেলা পরিষদের উন্নয়নমূলক কাজেও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জেলা পরিষদের ২০ তলা ভবন নির্মাণে ‘তমা কনস্ট্রাকশন’কে কাজ দেওয়ার ক্ষেত্রে সেলামি বাবদ মাত্র ৯ কোটি ২৪ লাখ টাকা আদায় করা হলেও রাজস্ব তহবিল থেকে ঠিকাদারকে ৫৩ কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই অর্থ লেনদেনের যৌক্তিকতা, চুক্তির শর্ত এবং প্রকল্পের আর্থিক কাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে।
গোপন অনুসন্ধান, এখন দুদকের নজরে
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “অনুসন্ধানী প্রতিবেদনটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকে আবেদন করা হয়েছে। পুরো বিষয়টি এখন দুদক দেখভাল করবে।”
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি বা আবেদন দুদকে এসেছে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে আবেদন পাওয়ার পর সংশ্লিষ্টতা কমিটি যাচাই-বাছাই করবে। আমলযোগ্য অপরাধ হলে সেটি কমিশনে পাঠানো হবে। এরপর কমিশন অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করবে। অনুসন্ধান কর্মকর্তা প্রতিবেদন দাখিল এবং মামলার সুপারিশ করলে মামলা হবে।
দুর্নীতি কমার প্রত্যাশা, বাস্তবে কি বদলেছে চিত্র?
জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি কমবে—এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু স্থানীয় সরকার খাতের এই অনুসন্ধানী প্রতিবেদন সেই প্রত্যাশার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে দুর্নীতি কমে আসবে বলে সবার ধারণা ছিল। কিন্তু তা হয়নি। সরকার পরিবর্তন হলেও দুর্নীতি বদলায়নি।”
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাবেক নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত আর্থিক ক্ষতি নির্ধারণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি প্রকল্প অনুমোদন, ক্রয়প্রক্রিয়া, বাস্তবায়ন ও তদারকিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে স্বাধীন মূল্যায়ন, নিয়মিত নিরীক্ষা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোও জরুরি।
সব মিলিয়ে স্থানীয় সরকার খাতের ৬৬টি ক্ষেত্রে প্রায় ২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনা, প্রকল্প তদারকি এবং প্রশাসনিক জবাবদিহির ওপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার বিষয়, এসব অভিযোগের কতটুকু নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয়, কারা আইনের আওতায় আসে এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় কি না।
