শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

অবৈধ উপকরণ কর রেয়াত ও উৎসে মূসক পরিশোধ না করার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ রাজশাহী ভ্যাট কমিশনারেটের। ফাইল ছবি

অবৈধভাবে উপকরণ কর রেয়াত গ্রহণ এবং উৎসে মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধ না করার মাধ্যমে প্রায় ১৩৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান স্কয়ার লাইফ সায়েন্সেস লিমিটেডের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী।

রাজশাহী ভ্যাট কমিশনারেট গত জুলাই মাসে প্রতিষ্ঠানটির কাছে পাঠানো নোটিশে ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত পাঁচ অর্থবছরে ১৩৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৭৪২ টাকা অবৈধ উপকরণ কর রেয়াত নেওয়ার তথ্য উল্লেখ করেছে। পাশাপাশি ছাপাখানার সেবা গ্রহণের বিপরীতে ৬২ লাখ ২২ হাজার ২৭৮ টাকা উৎসে মূসক সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দুই খাত মিলিয়ে কথিত রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ১৩৯ কোটি ২৪ লাখ ৫১ হাজার ২১ টাকা।

নোটিশে স্বাক্ষর করেছেন রাজশাহী ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. খায়রুল কবির মিয়া। প্রতিষ্ঠানটির জবাব দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল গত ২০ আগস্ট। নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে একতরফাভাবে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এর আগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, পাবনার ৮ জুলাই ২০২৬ তারিখের একটি পত্রের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিবেদন রাজশাহী কমিশনারেটে পাঠানো হয়।

ভ্যাট কমিশনারেটের নোটিশে বলা হয়েছে, প্রিন্টেড বই, ব্রুশিয়ার, লিফলেট ও সিঙ্গেল শিট কেনার বিপরীতে উপকরণ কর রেয়াত নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ অর্থবছরে ১০ কোটি ১৭ লাখ ২০ হাজার ৫৭ টাকার এসব পণ্য কেনার বিপরীতে ১ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৮ টাকা রেয়াত নেওয়া হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসব পণ্য কেনার ক্ষেত্রে উপকরণ কর রেয়াত পাওয়ার যোগ্য নয়। ভ্যাট আইনেও এ ধরনের রেয়াতের সুযোগ রাখা হয়নি। ফলে সংশ্লিষ্ট রেয়াত বাতিলযোগ্য এবং প্রতিষ্ঠানটির কাছ থেকে অর্থ আদায় বা সমন্বয় করা যেতে পারে বলে জানিয়েছে রাজশাহী ভ্যাট কমিশনারেট।

এ ছাড়া ছাপাখানার সেবা গ্রহণের বিপরীতে নির্ধারিত হারে উৎসে মূসক কর্তন করে সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী, এ ধরনের সেবার ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট উৎসে কর্তন করে পরিশোধ করতে হয়। কিন্তু স্কয়ার লাইফ সায়েন্সেস এ অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ৬ কোটি ২২ লাখ ২২ হাজার ৭৮৫ টাকার ছাপার কাজ করানো হয়েছে। এর বিপরীতে ৬২ লাখ ২২ হাজার ২৭৮ টাকা উৎসে মূসক বকেয়া রয়েছে। ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে এ বকেয়ার পরিমাণ ছিল যথাক্রমে ১১ লাখ ২৫ হাজার, ১৭ লাখ ৯ হাজার ও ৩৩ লাখ ৮৮ হাজার টাকা।

স্থানীয় উৎস থেকে কেনা পণ্য ও সেবার বিপরীতেও আইনবহির্ভূতভাবে রেয়াত নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ৪২ লাখ ৩২ হাজার টাকার মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবার বিপরীতে ৬ লাখ ৫৬ হাজার ৮৬৯ টাকা রেয়াত নেওয়া হয়েছে। ভ্যাট কমিশনারেটের মতে, মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবা আইনের আওতায় উপকরণ হিসেবে বিবেচিত নয়। ফলে এ খাতে নেওয়া রেয়াতও বাতিলযোগ্য বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সেলস কমিশন ও সার্ভিস চার্জে শতকোটি টাকার রেয়াত

সবচেয়ে বড় অঙ্কের রেয়াত নেওয়ার অভিযোগ উঠেছে সেলস কমিশন, সার্ভিস চার্জ ও সংশ্লিষ্ট সেবার খাতে। নোটিশে বলা হয়েছে, উৎপাদন-পরবর্তী বিক্রয়, বিপণন ও প্রচারমূলক কার্যক্রমকে সেলস সার্ভিস কিংবা সার্ভিস চার্জ হিসেবে দেখিয়ে অন্যান্য বিবিধ সেবার কোড ব্যবহার করে উপকরণ কর রেয়াত নেওয়া হয়েছে। এসব কার্যক্রম মূল্য সংযোজনের অংশ হওয়ায় এ খাতে রেয়াত পাওয়ার সুযোগ নেই বলে ভ্যাট কমিশনারেটের পর্যবেক্ষণ। তাছাড়া প্রতিষ্ঠানটি ব্যবসায়ী হিসেবে নয়, উৎপাদনকারী হিসেবে নিবন্ধিত।

নোটিশের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে সার্ভিস চার্জ, সেলস কমিশন ও পরীক্ষাগারের যন্ত্রপাতির বিপরীতে ১ লাখ ৮ হাজার ১৮০ টাকা রেয়াত নেওয়া হয়। পরবর্তী অর্থবছরে এ পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ২৭৯ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ২২১ কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৬৩৬ টাকার পণ্য ও সেবার বিপরীতে রেয়াত নেওয়া হয় ৩৩ কোটি ২৮ লাখ ১১ হাজার ২৪৫ টাকা।

২০২৪-২৫ অর্থবছরে ৩২৪ কোটি ২২ লাখ ৬৯ হাজার ৯৩২ টাকার পণ্য ও সেবার বিপরীতে ৪৮ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৪৯০ টাকা রেয়াত নেওয়া হয়েছে। আর ২০২৫-২৬ অর্থবছরে ৩৫৫ কোটি ৪ লাখ ১৭ হাজার ৭৯৬ টাকার পণ্য ও সেবার বিপরীতে রেয়াতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ কোটি ২৫ লাখ ৬২ হাজার ৬৬৯ টাকা।

সব মিলিয়ে ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত পাঁচ অর্থবছরে ৯১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৭৬০ টাকার পণ্য ও সেবার বিপরীতে এ খাতে ১৩৭ কোটি টাকার বেশি উপকরণ কর রেয়াত নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাঁকে পাওয়া যায়নি। পরে খুদেবার্তা ও হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হয়। প্রতিষ্ঠানটির দাপ্তরিক ইমেইলেও বক্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

ভ্যাট কমিশনারেটের নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগগুলোর চূড়ান্ত নিষ্পত্তি ও সংশ্লিষ্ট অর্থ আদায়ের বিষয়ে কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।