আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজধানীর ৭৪ নম্বর ওয়ার্ডে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। পাড়া-মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করে ঘরে ঘরে এখন একটাই আলোচনা—কে হবেন আগামী দিনের মানুষের প্রতিনিধি? আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ, সাহসী ও জনবান্ধব নেতা সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বিল্লাল হোসেন।
মানুষের পাশে দাঁড়ানোর অদম্য প্রত্যয় আর দেশপ্রেমের গভীর অনুভূতি নিয়ে তিনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে লড়ার। তার এই ঘোষণায় যেন নতুন করে জেগে উঠেছে সাধারণ মানুষের আশা, প্রত্যাশা ও স্বপ্ন।
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মো. বিল্লাল হোসেন শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং এলাকার উন্নয়নে কাজ করার জন্য ইতোমধ্যেই তিনি অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি ঘুরে বেড়াচ্ছেন ৭৪ নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলি, প্রতিটি পাড়া-মহল্লা। মানুষের খোঁজখবর নিচ্ছেন, শুনছেন তাদের সমস্যার কথা, ভাগ করে নিচ্ছেন তাদের সুখ-দুঃখ। তার এই আন্তরিকতা ও মানবিক আচরণ সাধারণ মানুষের মনে নতুন আস্থা সৃষ্টি করেছে।
আবার মো. বিল্লাল হোসেন তার নির্বাচনী অঙ্গীকারে স্পষ্ট করে বলেছেন— “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আমি চাই ৭৪ নম্বর ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। যেখানে মানুষ নিরাপদে বাস করবে, ন্যায়বিচার পাবে এবং মাথা উঁচু করে বাঁচতে পারবে। তিনি আরও বলেন, আমি এই ওয়ার্ডের মানুষের সন্তান। তাদের ভালোবাসাই আমার শক্তি। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে তাদের বিশ্বাসের মর্যাদা রেখে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করব।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’—এই স্বপ্নকে বুকে ধারণ করে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বচ্ছ ভাবমূর্তি, শিক্ষিত নেতৃত্ব এবং জনসেবামূলক কাজের জন্য মো. বিল্লাল হোসেন ইতোমধ্যেই ৭৪ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে একটি বিশ্বাসের নাম হয়ে উঠেছেন। তার নির্বাচনে অংশগ্রহণ এই ওয়ার্ডের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
এলাকার অনেক বাসিন্দাই মনে করছেন, একজন দেশপ্রেমিক, সৎ ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রতিনিধিই পারে একটি এলাকার ভাগ্য বদলে দিতে। আর সেই আশার আলো দেখেই আজ ৭৪ নম্বর ওয়ার্ডের মানুষ নতুন স্বপ্ন দেখছে—পরিবর্তনের, উন্নয়নের এবং একটি সুন্দর আগামী দিনের।
