শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনা: বাবা–মেয়েসহ নিহত ৪, আহত ২

স্টাফ রিপোর্টার
মার্চ ৭, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর দুই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা–মেয়েসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড় ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন—সাজু আহমেদ সুমন (৪৫), তার মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃশা (২১), সিএনজি যাত্রী হারুনুর রহমান সানি (৩২) এবং অটোরিকশাচালক আলিম (৫০)।

ঈদের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন বাবা–মেয়ে-
পুলিশ জানায়, সাজু আহমেদ সুমন মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে নিউমার্কেটে গিয়েছিলেন। রাত প্রায় পৌনে ১১টার দিকে তারা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। সায়েন্স ল্যাবরেটরি মোড় মসজিদের বিপরীত পাশের রাস্তায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ধাক্কার পর বাবা–মেয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীদের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে।
নিহত সাজু আহমেদ সেগুনবাগিচার গণপূর্ত অফিসে চাকরি করতেন। তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃশা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাদের বাড়ি রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর এলাকায়। তেজগাঁওয়ে সিএনজি দুর্ঘটনায় নিহত ২।

এদিকে একই রাতে প্রায় সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় চালকসহ চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে যাত্রী হারুনুর রহমান সানি ও চালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় সানির স্ত্রী বৃষ্টি আক্তার ও তার বোন হ্যাপি আক্তার আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
একই রাতে রাজধানীর দুই স্থানে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।