সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্য দিবালোকে কুষ্টিয়ায় রক্তাক্ত হত্যাকাণ্ড: প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক সাগর নিহত

এস এম মাহমুদুল হক বাদল
মার্চ ৮, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাগর (২৭) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে শহরের চৌড়হাস এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত সাগর শহরের চৌড়হাস এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। জীবিকার তাগিদে তিনি রং মিস্ত্রির কাজ করতেন। পরিবার ও স্বজনদের কাছে তিনি ছিলেন পরিশ্রমী ও নিরীহ একজন মানুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ১টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ প্রবাল ও তার সহযোগীরা কৌশলে সাগরকে চৌড়হাস এলাকায় ডেকে নেয়। তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে পৌঁছানো মাত্রই সাগরের ওপর ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে তাকে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাগর।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অতিরিক্ত রক্তক্ষরণে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কর্তব্যরত চিকিৎসক সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নির্মম এই হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে নিহত সাগরের পরিবার ও এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস, আর স্থানীয়দের দাবি—দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ