মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের সাঁড়াশি অভিযান অনুমোদনহীন ইটভাটায় তাণ্ডব: ৬ ভাটায় ১৯.৫০ লাখ জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো ২টি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ বিধি লঙ্ঘন করে দাপটের সঙ্গে চলা অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠা দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ, র‍্যাব ও ব্যাটালিয়ন সদস্যরা।

অভিযান চলাকালে দেখা যায়, উপজেলার বেশ কয়েকটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। শুধু তাই নয়, পরিবেশগত বিভিন্ন বিধি-বিধান উপেক্ষা করে কৃষিজমি নষ্ট করা, কালো ধোঁয়ায় বাতাস দূষণ এবং স্থানীয় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করা হচ্ছিল।

এ অবস্থায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত ভাটাগুলো হলো—
মেসার্স বর্ণ ব্রিকস – ২ লাখ টাকা
মেসার্স প্রত্যয় ব্রিকস – ৩ লাখ ৫০ হাজার টাকা
মেসার্স এডিবি ব্রিকস – ৩ লাখ টাকা
মেসার্স লামইয়া ব্রিকস – ৩ লাখ টাকা
মেসার্স মামা-ভাগ্নে ব্রিকস – ৫ লাখ টাকা
মেসার্স আরএফবি ব্রিকস – ৩ লাখ টাকা

এর মধ্যে মেসার্স বর্ণ ব্রিকস ও মেসার্স আরএফবি ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটা তাৎক্ষণিকভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানো হবে।
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পরিবেশ দূষণ রোধ, কৃষিজমি রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।