ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘদিনের অবহেলায় ভরাট হয়ে পড়া সিংড়ার খালকে নতুন প্রাণ দিতে শুরু হলো পুনঃখনন কার্যক্রম। দেশব্যাপী নদী–নালা ও খাল পুনরুদ্ধারের কর্মসূচির অংশ হিসেবে সিংড়ার খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৫নং বাঁশাটি ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এমপি (ময়মনসিংহ–৫, মুক্তাগাছা–সদর) এবং আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মুক্তাগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্রসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
২০২৫–২০২৬ অর্থবছরের দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। দীর্ঘদিন ধরে পলি জমে ও দখলে পড়ে সিংড়ার খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। পুনঃখননের মাধ্যমে খালটির পানি প্রবাহ স্বাভাবিক করা, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সরকার গঠনের পর দেশের নদী–খাল পুনরুদ্ধারে নতুন করে গুরুত্ব দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭–৭৮ অর্থবছরে যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তার ফলেই সে সময় দেশের লাখ লাখ হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আসে এবং খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ঐতিহাসিক কর্মসূচির ধারাবাহিকতায় আবারও নদী–খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছেন বলে বক্তারা উল্লেখ করেন। তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং আমদানি নির্ভরতা কমাতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে এ উদ্যোগ ঘিরে দেখা গেছে আশাবাদ ও উৎসাহ।
বক্তারা আশা প্রকাশ করেন, সিংড়ার খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদন বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশে ফিরে আসবে নতুন প্রাণের স্রোত।
