নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত
ঢাকার দোহার উপজেলা-য় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নৃশংস হামলায় প্রাণ গেল এক বৃদ্ধার। রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ডাইয়াগজারিয়া এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত সালমা বেগম (৬০), স্থানীয় বাসিন্দা আব্দুল গনি মিয়ার স্ত্রী।
নিহতের স্বামী আব্দুল গনি মিয়া জানান, জমি নিয়ে তার চাচাতো ভাই আব্দুল মান্নানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে সেই দ্বন্দ্ব ভয়াবহ রূপ নেয়। কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা তার ওপর হামলে পড়ে। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী সালমা বেগম ছুটে এলে তাকেও নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন সালমা বেগম। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ইদ্রিস আলী খান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নিরীহ বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।
ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।
