বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়

রাজশাহী প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

জানা গেছে, সকাল ৮টা ৪৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে রামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নিয়ে যান।

মন্ত্রীর সঙ্গে ঢাকায় রওনা দেওয়া এমপি শফিকুল হক মিলন জানান, কয়েক দিন ধরে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় রক্ত দিতে হচ্ছিল। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে। সেখানে তাঁর পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।

এ বিষয়ে ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন গণমাধ্যমকে জানান, মিজানুর রহমান মিনু কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে মঙ্গলবার তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় যোগ দেন। পরদিন বুধবার সকালে রক্তশূন্যতায় অসুস্থতা বোধ করলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আনম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।