বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় ‘স্বৈরাচারী কায়দায়’ গ্রেপ্তার: জামায়াত। আখতারুজ্জামানের মুক্তি দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
দলটির অভিযোগ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী, প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তির প্রতিবাদ করায় মেজর আখতারুজ্জামানকে ‘স্বৈরাচারী কায়দায়’ গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে জামায়াত।
শুক্রবার এক বিবৃতিতে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরার পর অন্যান্য যাত্রীর মতোই হয়রানি ও ভোগান্তির শিকার হন মেজর আখতার। তার অভিযোগ, তদন্তের আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ এবং লাগেজ নিয়ে ভোগান্তির ঘটনায় মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।
তিনি মেজর আখতারুজ্জামানসহ ভোগান্তির শিকার যাত্রীদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
উত্তরা থেকে বিক্ষোভ মিছিল
মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে মিছিলটি বিমানবন্দর সড়কের দিকে যায়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, উত্তরা মডেল থানার আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতারা।
গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা। সামান্য কথাকাটাকাটির ঘটনায় কোনো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করে তড়িঘড়ি মামলা ও গ্রেপ্তার দায়িত্বশীল আচরণ নয় বলে তিনি মন্তব্য করেন।
যে ঘটনায় মামলা, এরপর গ্রেপ্তার
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। মদিনা থেকে আসা বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় মেজর (অব.) আখতারুজ্জামানের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ পরিস্থিতি শান্ত করতে গেলে তার সঙ্গে আখতারুজ্জামানের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তাকে হুমকি ও অশালীন আচরণের অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীদের সংরক্ষিত কেপিআই এলাকায় ভিডিও ধারণে নিষেধ করার পর এক নিরাপত্তা কর্মকর্তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে।
ঘটনার পর শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করা, হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিএনপির সাবেক এমপি, পরে জামায়াতে
মেজর (অব.) আখতারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন কারণে একাধিকবার বিএনপি থেকে বহিষ্কৃত হন। ২০১৮ সালের নির্বাচনের আগে তাকে আবার বিএনপিতে ফিরিয়ে মনোনয়ন দেওয়া হয়।
২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার পর তিনি আবারও বিএনপি থেকে বহিষ্কৃত হন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীতে যোগ দেন সাবেক এই বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা।
আখতারুজ্জামানের গ্রেপ্তারের পর জামায়াতের বিক্ষোভ ও মুক্তির দাবি এবং বিমানবন্দরের ঘটনার অভিযোগ-পাল্টা বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
