রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় চিন্তিত হওয়ার কিছু নেই: মান্না

সমতল মাতৃভূমি ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, শেখ হাসিনা ফিরে আসবেন, এটা ভাবার কোনো কারণই নেই। রাজনীতিতে প্রাসঙ্গিক ও আলোচিত থাকা এবং তার দল আওয়ামী লীগ ও নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্যই তিনি ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সেটাতে তিনি ভালোভাবে সফলও হয়েছেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এ নিয়ে সরকারের কিছু করার দরকার নেই। বরং শেখ হাসিনা ১৬ ডিসেম্বরের পরও রাজনীতিতে আলোচিত ও প্রাসঙ্গিক থাকার জন্য যে কৌশল অবলম্বন করবেন, সেটাকে মোকাবিলা করার জন্য কি করতে হবে, সরকারকে সেটা নিয়েই চিন্তা করা উচিৎ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত ‘নাশকতা রোধে…’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ বা ফিরে আসার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তিনি ফিরে গ্রেপ্তার হলে ভারত বড়জোর তার মত্যুদণ্ডের রায় যাতে কার্যকর না হয়, তার জন্য অনুরোধ জানাতে পারে। এর বাইরে তাদের কিছু করারও নেই। কাজেই শেখ হাসিনা আসবেন, এটা ভাবার কোনো কারণ নেই।

মান্না বলেন, সরকার খুব ঠান্ডা মাথায় গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলা করেছে। যদি সেখানে একটা গুলি, লাশও পড়তো- তখন সারাবিশ্বে ছড়িয়ে পড়তো শেখ হাসিনাকে দেশে ফিরতে না দিতেই সরকার গুলি করে মানুষ হত্যা করেছে। তাহলে আন্দোলন আরও ছড়িয়ে পড়তো। শেখ হাসিনা ও আওয়ামী লীগও সেটাই চেয়েছিল।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় ঐক্য হবে কীসের জন্য, কীসের ভিত্তিতে? ওদের যখন ডাকার প্রয়োজন হয়, তখন ব্যাগ থেকে জাতীয় ঐক্যের আহ্বান বের করেন। প্রয়োজন শেষ হলে জাতীয় ঐক্যের ডাকও শেষ হয়ে যায়। এখন এনসিপির তিন/চারজন নেতাকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিলেই কী সেটা হয়ে যাবে? রাজনীতি ও জাতীয় স্বার্থের অন্য কোনো বিষয় বাদ দিয়ে কেবল একটি ইস্যুতে জাতীয় ঐক্য হলে সেটা উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এলেই টিকবে না। তখন ভোটের ওপর খবরদারি না হলে, সারাদেশে বিএনপির চাঁদাবাজি ও দখলবাজির জবাবদিহি করতে করতেই বিএনপির খবর হয়ে যাবে। জামায়াতে ইসলামীও অপেক্ষা করে বসে আছে, কখন বিএনপির গলা চেপে ধরবে।

বিএনপি ও সরকারের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, সব দলকে ডাকুন। কিন্তু সুনির্দিষ্ট এজেন্ডা ছাড়া ডাকলে সেটা জাতীয় ঐক্য নয়, শুধু ঐক্যের জন্য ডাকতে পারেন। জাতীয় ঐক্যের বিষয়ে করণীয় সরকারকেই ঠিক করতে হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সত্যিই যদি বড় সমস্যা মনে করে থাকেন, তাহলে আন্তর্জাতিক লবিং ছাড়া তারা এত কিছু করছে, এটা ভাবাও ঠিক নয়।

তিনি আরও বলেন, আমেরিকার নতুন করে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে কিছুই না বলে জাতীয় ঐক্যের কথা বলবেন, সেটাও হবে না। কী চাইছেন- সেটাতে সরকারকে ঝেড়ে কাশতে হবে, মুখ খুলতে হবে। জাতীয় ঐক্য চাইলে জাতীয় এজেন্ডা ঠিক করতে হবে। না হলে সেটা কার্যবকর হবে না, ভুল পদক্ষেপ হবে।

সভায় বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুস্তাক হোসেন বলেন, দেশে রাজনৈতিক সহাবস্থান দরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করে তাদের গত নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত ছিল। এতে তিনশ আসনেই তাদের গণহত্যা ও কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হতো। এক সময় জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে মুসলিম লীগে পরিণত হতো। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই মোকাবিলা করা উচিত।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসতে চাইছেন, এটা আমাদের পরাজয় নয়। জনগণের বিশাল ও চূড়ান্ত বিজয়। তাকে দেশে আসতে দেওয়া হোক। এটা নিয়ে রাজনৈতিক দলাদলি করা ঠিকও হয়নি।

সরকারের উদ্দেশে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, শেখ হাসিনা তো আর ভারতে বন্দী বা জেলে নেই। তাহলে এখানে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি কীভাবে কার্যাকর হবে? শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তাকে আসতে দেওয়া হোক। এরপর আইনি পথেই সরকারের এই ইস্যু মোকাবিলা করা উচিত।

সরকারের জাতীয় ঐক্যের ডাক প্রসঙ্গে গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, আমরা জাতীয় ঐক্যে থাকবো না। বিরোধী দলে থেকে সরকারের সমালোচনা করেই যাবো।

সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর রহমান চৌধুরী দিপু, দেলোয়ার হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ। সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কবির হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।