বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আড়াই লাখ কোটি টাকার ৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন, লাইন-১, লাইন-৫ নর্দার্ন ও সাউদার্ন রুটে ব্যয় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় বড় পরিবর্তনের লক্ষ্যে একসঙ্গে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্প তিনটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা। এর মধ্যে দুটি জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব এবং অন্যটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন প্রকল্প।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় তিন মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৭টি নতুন এবং ৫টি সংশোধিত। সব মিলিয়ে ১২ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা।

একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি মেট্রোরেল প্রকল্পের সার্বিক বিষয়ে ব্রিফ করেন।

তিন মেট্রোরেলে যে ব্যয়

জাপানের অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।

অন্যদিকে, ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

আর এডিবি ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়িত হবে এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি)। ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ।

একসঙ্গে কেন তিন প্রকল্প

জানা গেছে, বুধবার একনেকের মূল এজেন্ডায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। পরে সমন্বিতভাবে প্রকল্পগুলোর অগ্রগতি ও সংশোধিত ব্যয় বিবেচনায় জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পের সংশোধিত প্রস্তাবও একই সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গাবতলী থেকে দাশেরকান্দি, ১৩ কিলোমিটার পাতালপথ

নতুন করে আলোর মুখ দেখতে যাচ্ছে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট। রাজধানীর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ হবে এই মেট্রোরেল। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে ভূগর্ভস্থ এবং বাকি অংশ উড়ালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে। হাতিরঝিল অংশে মেট্রোরেল যাবে টানেল দিয়ে। আফতাবনগর থেকে পরবর্তী অংশ হবে উড়ালপথে।

এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি টাকা যৌথভাবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহায়তা তহবিল (ইডিসিএফ)।

১২ প্রকল্পে সরকারের নিজস্ব অর্থ ৪৮ হাজার কোটি

একনেকে অনুমোদিত ১২ প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা সংস্থানের কথা রয়েছে।

তিন মেট্রোরেল প্রকল্পের অনুমোদনের মধ্য দিয়ে রাজধানীর পশ্চিম, উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলকে ধাপে ধাপে বৃহত্তর মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ আরও এক ধাপ এগোল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।