সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের গণহত্যা গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে শেষ বিদায় জানানো হয়েছে গতকাল রোববার। দখলদার ইসরায়েলের চালানো হামলায় ভবন ধসে এসব মানুষ নিহত হয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেগুলোর ভেতর পড়ে ছিলেন। এখন এই মরদেহগুলো উদ্ধার করে একসঙ্গে সবার জানাজা পড়ে তাদের কবরস্থ করা হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির দারাজ এলাকা থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা শুরু করে দখলদাররা। তিন বছর ধরে চালানো তাদের হামলায় ফিলিস্তিনের এ উপত্যকায় ৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং এক লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। ধারণা করা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সরকারি হিসাবের তুলনায় আসল নিহত ও আহতের সংখ্যা অনেক বেশি।

অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা

অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম তাইবেহের কাছে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা চালিয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। হামলার শিকার ব্যক্তিদের মধ্যে ফ্রান্সের একজন মেয়রও রয়েছেন, তাঁকে মারধর করা হয়েছে।

শনিবার ফিলিস্তিনি জলপাই সংগ্রহকারীদের দেখতে গিয়েছিল প্রতিনিধি দলটি। এ সময় ইসরায়েলি হামলাকারীরা তাদের বাধা দেয় এবং দলটির মুখোমুখি হয়। এর এক দিন আগে রামাল্লার উত্তরে এক মার্কিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছিল বসতি স্থাপনকারীরা। শনিবারের হামলায় বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিদের লক্ষ্যবস্তু করা হয়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এ তথ্য জানিয়েছেন। প্রেভো বলেন, ফ্রান্সের একজন মেয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। বেলজিয়ামের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের সহিংস হামলার কারণে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব হামলাকে পরিকল্পিত ও সংঘবদ্ধ আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ইসরায়েলিদের তাণ্ডবে ‘খুবই উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

ফিলিস্তিনের পশ্চিম তীরে চরমপন্থি বসতি স্থাপনকারীদের সহিংস হামলা ঠেকাতে ইসরায়েলকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে সেখানে মার্কিন এক নারী আলোকচিত্রী আক্রান্ত হওয়ার ঘটনায় ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, আমরা এসব ছবি ও যা দেখছি, তা নিয়ে ‘খুবই উদ্বিগ্ন’। আমরা ইসরায়েলিদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছি এবং এখনও বলে যাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।