বরিশালে নগরী-সংলগ্ন কীর্তনখোলা নদীতে নিয়ন্ত্রণ হারানো কোস্টগার্ডের ধাক্কায় গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এ সময় ডুবে গেছে পাঁচটি স্পিডবোট। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নৌবন্দরের ডিসি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময়ে কোস্টগার্ডের ‘স্বাধীন বাংলা’ নামক একটি জাহাজ কীর্তনখোলার বরিশাল নৌবন্দর এলাকা দিয়ে যাচ্ছিল। তখন জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিসিঘাট সংলগ্ন তীরে বাঁধা পাঁচটি স্পিড বোট ডুবিয়ে দেয়। পরবর্তীতে বিআইডব্লিউটিএ’র একটি জাহাজকে ধাক্কা দিয়ে অপরপাশে নোঙ্গর করা খাদ্যগুদামের গম বোঝাই ‘ডিবি পাপিয়া’ নামের জাহাজটিকে ধাক্কা দেয়। এতে জাহাজের নিচের অংশ ফেঁটে পানি ওঠতে শুরু করে। অদূরে থাকা নৌ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় জাহাজটি টেনে ওপরে তুলে ফেলেন। এতে জাহাজের নিচের অংশে থাকা গমের বস্তা ভিজে গেছে।
বরিশাল সদর উপজেলার খাদ্যনিয়ন্ত্রক মো. আবু সাঈদ বলেন, জাহাজে প্রায় কোটি টাকার গম রয়েছে। খাদ্য গুদামের গমগুলো খুলনা থেকে এসেছে। দুর্ঘটনার পর জাহাজ থেকে গমের বস্তাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তবে দুর্ঘটনার পর পর জাহাজে পানি ওঠায় প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে কোস্টগার্ড বরিশাল স্টেশনের মিডিয়া সেল নম্বরে ফোন দেওয়া হলেও রিসিভ হয়নি।
বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ সাংবাদিকদের বলেন, সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি দুর্ঘটনা হলেও এর জন্য কারা দায়ী, তা তদন্ত করে দেখা হবে। কোন জাহাজ ধাক্কা দিয়েছে, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নন। ফায়ার সার্ভিস কর্মীরা বাল্কহেড থেকে পানি নিষ্কাশনের কাজ করে গম উদ্ধার করেছে। তবে পানিতে কিছু গম নষ্ট হয়েছে।
