মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার, ঝিনাইদহে স্বর্ণ চুরির মামলার পলাতক আসামি আটক

মিয়াদুল ইসলাম
অক্টোবর ২৭, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

মেহেরপুরের গাংনীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার চুরির মামলার এক নম্বর পলাতক আসামি মো. মমিন খানকে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেদবাড়িয়া গ্রাম ও বাঙালপাড়ায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—সাইদুল ইসলাম (৫৫), বাঙালপাড়ার রহিমের ছেলে মিলন (৪০) এবং মামুনের ছেলে ইলিয়াস আলী (১৯)। তাঁদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্ট মামলা রয়েছে।

১১ ভরি ১৪ আনা স্বর্ণ চুরির মামলার আসামি গ্রেপ্তার

অন্যদিকে, গাংনী থানার একটি স্বর্ণালংকার চুরির মামলার পলাতক আসামি মো. মমিন খানকে (২৭) গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বানিয়াপাড়ার আলম খানের ছেলে।

পুলিশ জানায়, গাংনী থানাধীন মন্দা গ্রামের একটি বাড়ি থেকে ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের করা মামলায় মমিন খান এক নম্বর আসামি। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গাংনী থানায় মামলা নম্বর ১১, তারিখ ৬ জুলাই ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৩৭৯ ধারায় করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।