মদ ও বিপুল পরিমাণ ওষুধ জব্দ, পাচারকারীরা পালিয়ে যাওয়ায় আটক হয়নি কেউ। ছবি: সমতল মাতৃভূমি
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে মদ ও বিপুল পরিমাণ ওষুধ। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) ভোরে কাজিপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) দায়িত্বপূর্ণ এলাকার বর্ডারপাড়া মাঠে এ অভিযান চালানো হয়।
৪৭ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর বিওপির একটি টহল দল বর্ডারপাড়া মাঠে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল মদ, ৮৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ১৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা এসব মালামালের আনুমানিক জব্দমূল্য ৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।
উদ্ধার করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
