ফাইল ছবি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জ্বরের চিকিৎসা নিতে আসা এক শিশুকে ভুলবশত কুকুরের কামড়ের প্রতিষেধক (রেবিস ভ্যাকসিন) দেওয়ার ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে শাস্তিমূলক বদলি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তাকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান রোববার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৮ এপ্রিল শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওইদিন জ্বরের চিকিৎসা নিতে আসা ৫ বছর বয়সী শিশু আলিফাকে ভুল করে অন্য এক রোগীর জন্য আনা কুকুরের কামড়ের ভ্যাকসিন পুশ করেন আবু ইউসুফ। এ ঘটনা জানাজানি হলে চিকিৎসকের সঙ্গে শিশুটির স্বজনদের বাগবিতণ্ডা সৃষ্টি হয়।
পরবর্তীতে ক্ষুব্ধ স্বজনরা শাহরাস্তি প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন এবং দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে এলে গত ১৫ এপ্রিল তাকে শাস্তিমূলক বদলি করা হয়।
ডা. আকলিমা জাহান আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
